স্টাফ রিপোর্টার: সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে চুয়াডাঙ্গায় জোরদার করা হয়েছে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান। পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানের দিকনির্দেশনায় সোমবার থেকে জেলার চারটি উপজেলায় একযোগে এ অভিযান শুরু হয়, যা মঙ্গলবারও অব্যাহত থাকে। গতকাল মঙ্গলবার জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি চালানো হয়। এ সময় চালকদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি অবৈধ মালামাল পরিবহনের বিষয়েও নজরদারি বাড়ানো হয়। জানা যায়, জেলার ছয়টি স্থানে এ অভিযান পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে রেলবাজার কালুর হোটেল এলাকা, সার্কিট হাউস ও আবহাওয়া অফিসের সামনে, দর্শনা বাসস্ট্যান্ড, জীবননগর বাসস্ট্যান্ড এবং আলমডাঙ্গার লাল ব্রিজ এলাকা। অভিযান চলাকালে লাইসেন্স ও হেলমেটবিহীনসহ বিভিন্ন অনিয়মে মোট ৮৫টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়। এতে জরিমানা আদায় করা হয়েছে মোট ৪ লাখ ৫৮ হাজার টাকা। একই সঙ্গে ৪৭টি মোটরসাইকেল আটক করা হয়েছে। চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) আমিরুল ইসলাম জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ও ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। নিয়ম না মানায় অনেক ক্ষেত্রে জরিমানা করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।