মহেশপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীবের ইউনিয়নের বাগদিরাইট গ্রামে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার ৫ আসামির মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় প্রধান আসামি হযরত আলীসহ চারজন এখন পুলিশি হেফাজতে রয়েছে। থানা ও মামলা সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ সন্ধ্যায় ওই স্কুলছাত্রী পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে ওত পেতে থাকা একই গ্রামের শাওন ও হযরত আলী তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি ক্ষেতে নিয়ে যায়। পরে সেখানে আরও দুজন যুক্ত হয়। তারা তিনজন পালাক্রমে ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং একজন তার মুখ চেপে ধরে রাখে। এই ঘটনায় ভিকটিমের পালিত মা ফাতেমা খাতুন গত ৩১ মার্চ মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযানে নামে পুলিশ। ওই রাতেই প্রধান আসামি হযরত আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে শাওন, ফরিদ হোসেনের ছেলে আমিন এবং ওই ছাত্রীর প্রেমিক রাজুকে গ্রেফতার করে পুলিশ। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুজনকে কেরানীগঞ্জ থেকে এবং প্রেমিক রাজুকে অন্য স্থান থেকে আটক করা হয়েছে। মামলার বাকি আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।