মুজিবনগর প্রতিনিধি:পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় এক বর্ণাঢ্য স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় র্যালিটি বের করে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুন হিফজ প্রতিষ্ঠান।
র্যালিতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের সকল শ্রেণির ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করে রমজানের তাৎপর্য তুলে ধরেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠানে এসে সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। পুরো র্যালির নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব বাইজি।
রমজানের আগমনে এমন উদ্যোগ এলাকায় ধর্মীয় ও নৈতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।