কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৩টা ২৩ মিনিটের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ৫ জন শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো। মৃত ওই শিশুর নাম রায়ান (৬)। সে কুষ্টিয়া সদরের হরিপুর ইউনিয়ন এলাকার সোহাগ ইসলামের ছেলে। সকাল সাড়ে ১১টার দিকে শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত ১ সপ্তাহ ধরে ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিয়েছিল। স্থানীয়ভাবে চিকিৎসা চলছিল কিন্তু অবস্থা খারাপ হলে বাচ্চাকে দ্রুত মেডিকেলে ভর্তি করা হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ১১টায় রায়ান নামের শিশুটি হাম ও সেফটিক শক রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। বিকেল ৩টা ২৩ মিনিটের দিকে শিশুটি মারা যায়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ২৩ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জন রোগীর হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি রয়েছে। এর মধ্যে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে।