কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর শহরে এক ভয়াবহ ও হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। কর্মস্থলে কাজ করার সময় অসাবধানতাবশত জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে শিরিনা খাতুন (৩৪) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতাকল সোমবার দুপুরে পৌর শহরের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বেকারিতে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শিরিনা খাতুন মেইন বাসস্ট্যান্ড এলাকার ওই বেকারিতে কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তার পরনের ওড়নাটি সচল জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত শিরিনা খাতুন কোটচাঁদপুর উপজেলার বনবিভাগ পাড়ার মো. রমজান আলীর স্ত্রী। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে তিনি ওই বেকারিতে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে; নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। কোটচাঁদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।