জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আলোচিত ইউএনও মো. আল-আমীনকে আবারও বদলি আবারো স্ করা হয়েছে। এবার নিয়ে তাকে চতুর্থবারের মতো বদলি করা হলো। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারী করা হয়। এবার তাকে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলি করা হয়েছে। জীবননগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব আশরাফুল আলম রাসেলকে। মঙ্গলবারের মধ্যে এ বদলির আদেশ কার্যকর হবে বলে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন গত ২০ জানুয়ারি স্বাক্ষরিত এক পত্রে ৮জনসহ জীবননগরের ইউএনও মো. আল-আমীনকে বদলীর আদেশ দেওয়া হয়। তাকে ফরিদপুরের নগরকান্দার ইউএনও হিসাবে বদলি করা হয়। ওই আদেশে হবিগঞ্জের বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার লিটন কুমার দে কে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়ন করা হয়েছিলো। এর পূর্বে গত ১০ ডিসেম্বর খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানি স্বাক্ষরিত পরপর তিনটি পত্রে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল- আমীনসহ ৬ জনকে দুই দফা বদলি করা হয়। মো. আল-আমীনকে একবার কুষ্টিয়ার মিরপুরে অপরবার একই জেলার ভেড়ামারা উপজেলা বদলি করা হয়েছিলো। পর পর ৩বার বদলী ও প্রত্যাহারের আদেশ দেওয়ার পর সর্বশেষ সোমবার আবারও তাকে বদলি করা হলো। এবার আলোচিত জীবননগর ছাড়তে হচ্ছে।