ঝিনাইদহে ৩টি আসনে জামায়াত, ১টিতে বিএনপি জয়ী

বাজার গোপালপুর প্রতিনিধি:উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ঝিনাইদহের চারটি আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে এবং একটি আসনে বিজয়ী হয়েছেন বিএনপি।

ঝিনাইদহ-১ আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান এক লাখ ৭৮ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

ঝিনাইদহ-২ আসনে বেসরকারি ফলাফলে জামায়াতের প্রার্থী আলী আজম মোঃ আবু বকর এক লাখ ৯৫ হাজার ৭০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল মজিদ পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৯৮৪ ভোট।

ঝিনাইদহ-৩ আসনে জামায়াতের মতিয়ার রহমান এক লাখ ১৮ হাজার ৬৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেহেদী হাসান রণি পেয়েছেন এক লাখ ৭৬৫ ভোট।

ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের আবু তালিব এক লাখ ৩ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৫ হাজার ২০০ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী রাশেদ খান ৫৫ হাজার ৬৭০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল জানান, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ফলাফল বেসরকারি হিসেবেই ধরে নিতে হবে। একই কথা জানান ঝিনাইদহ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তানভির ইসলাম সাগর।
জেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন।