মেহেরপুর-মুজিবনগর সড়কে ডাকাতি, আহত ২

মুজিবনগর প্রতিনিধি:মেহেরপুর-মুজিবনগর সড়কের পিটিআই পার হয়ে নতুন গ্রামের মাঝামাঝি স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোনাখালী থেকে রোগী নিয়ে একটি অটোযোগে মেহেরপুর জেনারেল হাসপাতালে আসার সময় ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। এ সময় দুই নারী যাত্রীর কাছ থেকে গহনা ও টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এছাড়া অটোচালককে কুপিয়ে আহত করা হয় এবং অটোতে থাকা এক রোগীর স্বজনকেও মারধর করা হয়।
পরে মুজিবনগর থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে জে আর পরিবহনের একটি গাড়ি তাদের উদ্ধার করে হোটেল বাজারে নিয়ে আসে। বর্তমানে আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর সেনাবাহিনীর একটি টহল দল হোটেল বাজারে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।