চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তিন যুবককে জেল জরিমান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে সরকারি আদেশ অমান্য করে বিশৃঙ্খলার অভিযোগে দুইজনকে সাজা ও একজনে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার(১০ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।
সাজাপ্রাপ্ত দুজন হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদিহি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম(২০), আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহ(২০) এবং অর্থদন্ডপ্রাপ্ত হলেন পৌর এলাকার সাতগাড়ির নাঈম ইসলাম(২৯)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, হাইওয়ে ফিলিং স্টেশনে তেল সরবরাহের সময় তিন যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে মারামারি শুরু করে। পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতে আশরাফুল ইসলাম ও মারুফ বিল্লাহকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এবং চুয়াডাঙ্গা পৌর এলাকা সাতগাড়ির নাঈমকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী বলেন, ‘সরকারি আদেশ অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তিন যুবককে দন্ড প্রদান করা হয়েছে। জেলার প্রতিটি পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের তদারকি চলমান রয়েছে।’