স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবা নিয়ে জোরালো দাবি উত্থাপন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে দ্রুত কার্যকরভাবে ২৫০ শয্যায় উন্নীত করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল তার বক্তব্যে চুয়াডাঙ্গাকে একটি অবহেলিত ও সীমান্তবর্তী জেলা হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, চুয়াডাঙ্গা জেলায় প্রায় ১৭ লক্ষাধিক মানুষের বসবাস। জেলার ৪টি উপজেলার মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালই স্বাস্থ্যসেবার একমাত্র প্রধান ভরসা। অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আধুনিক চিকিৎসা ও অপারেশনের পর্যাপ্ত সুবিধা নেই। ২০২১ সালে প্রশাসনিকভাবে হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন দেয়া হলেও এবং ভবন নির্মিত হলেও, তা এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। সাংসদ অভিযোগ করেন যে, চুয়াডাঙ্গা জেলা স্বাধীনতা পরবর্তী সময় থেকেই শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তিনি পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, ভবন হওয়ার পরও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে চুয়াডাঙ্গার সাধারণ মানুষ কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, চুয়াডাঙ্গার বিপুল সংখ্যক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে অতি দ্রুত ২৫০ শয্যার জনবল ও সরঞ্জামাদি দিয়ে কার্যকর করা একান্ত প্রয়োজন। সাংসদ হিসেবে সংসদে এটাই ছিল তার প্রথম বক্তব্য, যেখানে তিনি তার নির্বাচনি এলাকা চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার আদায়ে সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।