আলমডাঙ্গার ভোগাইল বগাদী বাজারে ফার্নিচার কারখানায় ভয়াবহ আগুন: ১২ লক্ষ টাকার ক্ষতি

হাটবোয়ালিয়া / ভ্রাম্যমান প্রতিনিধি :চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচার কারখানা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার মালিকের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ভাংবাড়িয়া ইউনিয়নের গৌরীহৃদ গ্রামের মৃত বজলুল হকের ছেলে মো. হাসান (৩২) এর মালিকানাধীন ওই ফার্নিচার কারখানায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। কারখানায় থাকা বিপুল পরিমাণ কাঠ, তৈরি করা আসবাবপত্র এবং যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই কারখানার সমস্ত মালামাল পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাসান জানান, এই অগ্নিকাণ্ডে তার সারাজীবনের উপার্জিত পুঁজি শেষ হয়ে গেছে। কারখানায় থাকা মূল্যবান কাঠ ও অর্ডার করা আসবাবপত্রসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। বর্তমানে তিনি দিশেহারা অবস্থায় রয়েছেন।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুনের খবর পাওয়ামাত্রই তারা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে।