স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের কলেজপাড়া এলাকায় একটি স্কুলের পাশ থেকে এক শিক্ষকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মো. হুমায়ুন কবির চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, হুমায়ুন কবির (৩৫) আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে চুয়াডাঙ্গা শহরের ঈদগাহপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি পেশায় একজন শিক্ষক। শনিবার ১১ এপ্রিল দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তিনি তার ব্যবহৃত ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি কলেজপাড়ার রিজিয়া খাতুন প্রভাতি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি গলির রাস্তায় রেখে বাসায় খাবার খেতে যান। পরে দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি আর সেখানে নেই। পরবর্তীতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, মুখে মাস্ক পরিহিত অজ্ঞাতনামা এক ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর চুয়াডাঙ্গা-হ-১২৮২৭১ এবং এর আনুমানিক মূল্য এক লাখ ৫৬ হাজার টাকা। ঘটনার বিষয়ে মো. সাদিকুর রহমান (২১) ও তরিকুল ইসলাম (৩২)সহ কয়েকজন স্থানীয় ব্যক্তি অবগত রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। চুরি যাওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।