কুড়ুলগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা শিবনগর ডিসি ইকোপার্ক সংলগ্ন জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়কটি দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত পর্যটক এবং পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় সড়কটি অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে, যা পর্যটক ও সাধারণ পথচারীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ভাঙাচোরা রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার মুখে পড়ছে পর্যটক ও সাধারণ পথচারী, সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে লাগানো তালগাছের চারাগুলো রাস্তার খুব কাছে হওয়ায় গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্থানীয়রা ও পর্যটকরা জানান, রাস্তাটি শুধু সংস্কার করলেই হবে না, যাতায়াতের সুবিধার জন্য এটি প্রশস্ত করা জরুরি। সেই সঙ্গে রাস্তার দুই ধারের তালগাছগুলো পরিকল্পিতভাবে সরিয়ে পাশে পুনরায় প্রতিস্থাপন করলে সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি চলাচলেও সুবিধা হবে। এলাকাবাসীর দাবি, পর্যটনকেন্দ্রটির গুরুত্ব বিবেচনায় নিয়ে এবং জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সড়কটি প্রশস্ত ও সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।