নিখোঁজের এক বছর : মহেশপুরের স্কুলছাত্রী নিঝুম উদ্ধার হয়নি : হতাশায় পরিবার

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে দশম শ্রেণির ছাত্রী নিঝুম খাতুন (১৫) নিখোঁজ হওয়ার এক বছর পেরিয়ে গেলেও আজও তার কোনো সন্ধান মেলেনি। একমাত্র সন্তানকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে এখন ক্লান্ত ও হতাশ কানাইডাঙ্গা গ্রামের বাসিন্দা হযরত আলী ও তাসলিমা দম্পতি। নিঝুম জীবিত নাকি মৃত-সেই উত্তরও কারো কাছে নেই। পারিবারিক ও মামলা সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ২০২৫ তারিখে মহেশপুর উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নিঝুম নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা মোছা. তাসলিমা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ফতেপুর ইউপি সদস্যের ছেলে জিমকে পুলিশ আটক করলেও তার কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। বর্তমানে প্রধান আসামিসহ ৪জনই জামিনে রয়েছে। দীর্ঘ এক বছরেও ভিকটিম উদ্ধার না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। মামলার বাদী তাসলিমা খাতুন বলেন, ‘মেয়ের সন্ধানে প্রশাসনের বিভিন্ন দপ্তরে এক বছর ধরে ছোটাছুটি করছি, কিন্তু কোনো কূল-কিনারা হচ্ছে না। উল্টো আসামিপক্ষ থেকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে চাপ দেয়া হচ্ছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’ এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হিমানিশ মামলার অগ্রগতি সম্পর্কে জানান, পুলিশ দীর্ঘ সময় চেষ্টা করেও এখনো পর্যন্ত ঘটনার কোনো কূল-কিনারা করতে পারেনি। নির্ধারিত সময়ে মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আদালতের কাছে আবেদন করে সময় বাড়ানো হয়েছে। মামলায় আইনগত সহায়তাকারী প্রতিষ্ঠান ‘জাস্টিস এন্ড কেয়ার বাংলাদেশ’-এর আইনজীবী অ্যাডভোকেট শ্রীবন্তী জানান, ভিকটিম উদ্ধারে পুলিশ এখনো কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। আগামী ১২ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। মেয়ের হদিস পেতে এবং আসামিদের হুমকি থেকে বাঁচতে সরকারের উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন নিঝুমের মা।