মুচলেকায় মুক্তি

দর্শনায় শহীদ মিনার অবমাননা’র ঘটনায় ক্ষমা চাইল ৪ কিশোর :

দর্শনা অফিস: দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর সামগ্রী রেখে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত চার কিশোর ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দর্শনা থানা চত্বরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের উপস্থিতিতে এক সভায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। অভিযুক্তদের মধ্যে দুজন এসএসসি পরীক্ষার্থী এবং দুজন নাবালক। গত সোমবার তারা শহীদ মিনারে আপত্তিকর কাজ করে সেই ছবি ফেসবুকে পোস্ট করলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। বৃহস্পতিবার থানা চত্বরে এক ভিডিও বার্তায় ওই কিশোররা জানায়, তারা না বুঝে এই কাজ করেছে এবং এর জন্য তারা লজ্জিত ও অনুতপ্ত। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না বলে তারা অঙ্গীকার করে। তাদের অভিভাবকরাও সন্তানদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কিশোরদের ভবিষ্যৎ এবং মানবিক দিক বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের সংশোধনের সুযোগ দেয়া হয়েছে। এ সময় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম সাবু তরফদার, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক তানভীর অনিকসহ শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহলের মতে, শাস্তি নয় বরং কিশোরদের এই অনুতাপ ও সংশোধনের সুযোগ সমাজে একটি ইতিবাচক বার্তা দেবে।