মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম তেকে আরিফুল হক মিঠু নামের (৪১) এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার গভীর রাতে তার নিজ গ্রাম থেকে ৭.৬৫ মিমি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করা হয়।
আটক মিঠু মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত এবং নাশকতা মূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের কয়েকটি মামলাও রয়েছে বলে জানায় যৌথ বাহিনী।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বাংলাদেশ সেনাবাহিনী মেহেরপুর ক্যাম্পের নেতৃত্বে রাতে একটি অভিযান চালানো হয়। অভিযানে মিঠুকে অস্ত্র এবং গুলিসহ আটক করা হয়েছে। অবৈধ অস্ত্র রাখার অপরাধে তার নামে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হচ্ছে।