মেহেরপুরে দলিত অধিকার আদায়ে ৮ দফা দাবিতে মানববন্ধন

 

মেহেরপুর প্রতিনিধি: জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ সংশোধনপূর্বক পাশ, সরকারি বিশ্ববিদ্যালয়ে দলিত শিক্ষার্থীদের জন্য ভর্তি কোটা এবং চাকরিতে নিয়োগ কোটা প্রবর্তনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে রোববার বিকেলে শহরের হালদারপাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি অন্তা হালদারের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মৃন্ময়ী সাহা লব, ইমন বিশ্বাস, কোষাধ্যক্ষ ভাস্কর হালদার, সুমন প্রভুসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশে এখনো দলিত জনগোষ্ঠী নানাভাবে সামাজিক ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার। তাদের অধিকার নিশ্চিত করতে বৈষম্যবিরোধী আইন সংশোধন ও কার্যকর বাস্তবায়ন জরুরি। পাশাপাশি জাতীয় জনশুমারিতে দলিত জনগোষ্ঠীকে পৃথকভাবে গণনা ও স্বীকৃতি দেয়ার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে উত্থাপিত ৮ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।