মেহেরপুরে রাস্তা নিয়ে বিরোধে প্রতিবেশীর হামলা: মা-মেয়ে আহত

মেহেরপুরে রাস্তা নিয়ে বিরোধে প্রতিবেশীর হামলা: মা-মেয়ে আহ

তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে বাড়ির সামনের রাস্তায় পানি দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় মা ও মেয়ে আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শ্যামপুর গ্রামের মীরপাড়ার বাসিন্দা মীর সামসুল হকের স্ত্রী গুলনাহার বেগম এবং তার মেয়ে রাজিয়া সুলতানা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত গুলনাহার বেগম জানান, সকালে তিনি বাড়ির সামনে মোটরের সাহায্যে রাস্তায় পানি দিচ্ছিলেন। এ সময় প্রতিবেশী আনারুলের ছেলে স্বপন আলী মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তার গায়ে পানি পড়ে বলে অভিযোগ তোলে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্বপন ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে।
স্থানীয়রা এগিয়ে এসে আহত মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
অভিযুক্ত স্বপন আলী দাবি করেন, ঘটনাস্থলে ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি গুলনাহার বেগমকে দেয়ালের পাশে ফেলে দেন। পরবর্তীতে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় স্থানীয় লোকজন তাকে সেখান থেকে সরিয়ে নেয়।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর বলেন, “আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”