কার্পাসডাঙ্গা প্রতিনিধি: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দামুড়হুদার বোয়ালমারী গ্রামের যুবক সাগর। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকের সাথে নিজ মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সাগর নাটুদাহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সাগর মেহেরপুরে স্থায়ীভাবে বসবাস করতেন এবং মাইক্রোবাস চালাতেন। গতকাল শুক্রবার সকালে মেহেরপুর থেকে ভাড়ায় নাটোরে যাচ্ছিলেন। নাটোরে পৌঁছে সড়কে ট্রাকের সাথে নিজ মাইক্রোবাসের মুখোমুখি ধাক্কা লেগে তার গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এবং ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। গতকাল বিকেলে মরদেহ গ্রামের বাড়ি পৌঁছালে একনজর দেখার জন্য সাগরের বাড়িতে ভিড় জমায় স্থানীয়রা। স্থানীয় মেম্বার মো. সানারুল বলেন, মাইক্রোবাসটির চালক ছিলেন তিনি নিজেই। ভাড়াই গিয়ে সে নাটোরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে আমরা শোকাহত। গতকাল জানাজা শেষে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে।