অনুপ্রবেশকারীসহ আটক ৫ : মাদক দ্রব্য উদ্ধার

মহেশপুরে বিজিবির সীমান্ত এলাকায় পৃথক অভিযান

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও একটি ভ্যানসহ একজনকে আটক করেছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে রাজাপুর বিওপির নায়েব সুবেদার শ্রী তাপশ কুমার সরকারের নেতৃত্বে সিংনগর এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় সিংনগর পুরাতন কবরস্থানের পাশের পাকা রাস্তা থেকে ৫৩ বোতল ভারতীয় সিরাপ ও একটি ব্যাটারিচালিত ভ্যানসহ মো. সোহেল (২১) নামে এক যুবককে আটক করা হয়। আটক সোহেল চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে মহেশপুরের লড়াইঘাট বিওপির সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে নয়াপড়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। অন্যদিকে, বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ২ নারীসহ ৪জন বাংলাদেশি নাগরিককে  আটক করে হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন টহল দল। আটককৃত পুরুষরা হলেন খুলনার ডুমুরিয়া থানার আন্দুলিয়া গ্রামের জুয়েল শেখ (৩৯) ও মো. সহিদুল আকুঞ্জী (৪৭)। তবে আকটকৃত নারীদের নাম পরিচয় পাওয়া যায়নি। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।