গাংনীতে পূর্ব- শত্রুতার জেরে হামলায় শারীরিক প্রতিবন্ধী নারীসহ আহত- ২

 

স্টাফ রিপোর্টার: চাঁদা দাবি ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বয়স্ক প্রতিবন্ধী নারীসহ দুজন আহত হয়েছেন। গত সামবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ঢাকাইয়া পাড়ায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন,আনসার আলী(৮০) ও তার শারীরিক প্রতিবন্ধী স্ত্রী শাহানাজ খাতুন। আহত আনসার আলীর ছেলে ইউপি সদস্য আব্বাস উদ্দিনের স্ত্রী সুমাইয়া আক্তার জানান, পারিবারিকভাবে তারা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। আওয়ামী সরকার পতনের পর প্রতিপক্ষ দবির উদ্দিন ও তার লোকজন তাদের কাছে চাঁদা দাবি ছাড়াও নিয়মিত হুমকি ধমকি দিয়ে আসছিলেন। বাধ্য হয়ে সাহারবাটি  বাজারে ওষুধের দোকানটিও বন্ধ করে রাখতে হয়েছে।  সোমবার ভোরে তার স্বামী আব্বাস উদ্দিন মাঠে আবাদকৃত সবজি বিক্রয়ের জন্য বাজারে গেলে হঠাৎ দবির হোসেন ও তার লোকজন বাড়িতে আক্রমণ করে। এ সময় তারা বৃদ্ধ শশুর ও বয়স্ক প্রতিবন্ধী শাশুড়ীকে রড ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন। আহতদের উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যেতে গেলে সেখানেও  বাধা প্রদান করেন প্রতিপক্ষরা। সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক ( ইউপি) সদস্য ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরমান আলী জানান,  হঠাৎ ভোরে মোবাইল ফোনে তিনি জানতে পারেন দবির ও তার লোকজন আনসার আলীর বাড়িতে হামলা করেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় দবির ও তার লোকজন ফরমান আলীর উপরও হামলার চেষ্টা চালায়। তিনি আরো জানান, কিছুদিন আগে ইউপি সদস্য আব্বাস উদ্দীন তার কাছে এসেছিলেন এবং প্রতিপক্ষ দবির হোসেন তার কাছ থেকে দেড় লক্ষ টাকা দাবী করে আসছেন এবং টাকা না দিলে তাদের হামলার হুমকি দেন। এ বিষয়ে ঈদের পরে সমাধানের কথা থাকলেও তার আগেই এই হামলা বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করে দবির হোসেন জানান, তারা বিএনপি রাজনীতিতে জড়িত। আওয়ামী লীগ সরকারের আমলে আনসার আলী পরিবারের লোকজন তাদের ওপর নানা রকম অত্যাচার করেন। সে সময় তার বৃদ্ধা মাকে নির্যাতন ও তার গোয়ালের গরু খুলে নিয়ে যান বলে অভিযোগ করেন তারা। দবির হোসেন আরো জানান, আওয়ামী সরকারের সময় ১৪ বছর তিনিসহ পরিবারের লোকজন আনসার আলীর অত্যাচারে গ্রামে থাকতে পারেননি। প্রতিশোধ নিতে মরিয়া বলেও স্বীকার করেন তিনি। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, এ হামলার ঘটনায় থানায় কোন অভিযোগ করেনি কোনো পক্ষ। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।