গাংনীতে ৪ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাধিক বিঘা ফসল পুড়ে ছাই

 

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে পৃথক চারটি মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির গম এবং ৩০ লাখ টাকা মূল্যের একটি কম্বাইন্ড হারভেস্টর মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ, শিমুলতলা, গোপালনগর এবং সাহারবাটি ও হিন্দ মাঠে এ ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাইপুর ইউনিয়নে কৃষক ওসমান আলী তার ৫কাঠা জমির খড় পোড়াতে গিয়ে আগুন দেন। বাতাসের তীব্রতায় সেই আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মুহূর্তের মধ্যে আশপাশের গমক্ষেতে ছড়িয়ে পড়ে। কৃষকরা নিজেরা চেষ্টা করেও আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণ করতে পারেননি। কয়েক দিন পরই এই গম ঘরে তোলার কথা ছিল।অন্যদিকে, একই সময়ে উপজেলার সাহারবাটি ও হিন্দ মাঠেও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। কাজীপুরের নওদাপাড়া মাঠে গমের খড় পোড়ানোর সময় আগুনের ফুলকি উড়ে গিয়ে গম কাটা-মাড়াইয়ের কাজে ব্যবহৃত একটি কম্বাইন্ড হারভেস্টর মেশিনে লাগে। এতে মেশিনটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়। ভুক্তভোগী কৃষকরা জানান, জ্বালানি তেলের সংকটের কারণে হারভেস্টর মেশিন পেতে দেরি হওয়ায় গম কাটতে বিলম্ব হচ্ছিল। মাত্র দু-এক দিনের এই বিলম্বই শেষ পর্যন্ত বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াল। গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান জানান, ঘটনাস্থলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সরেজমিন পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে। তিনি কৃষকদের খোলা মাঠে খড় বা ফসলের অবশিষ্টাংশ পোড়ানো থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করেছেন।