গাংনী ফিলিং স্টেশনে পাবলিকের মার পড়েছে পুলিশের উপর

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল চালক ও ফিলিং স্টেশন কর্মচারীদের হাতাহাতির মধ্যে পড়ে গোপাল চন্দ্র নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী ফিলিং স্টেশনে মোটরসাইকেল প্রতি ৫০০ টাকার নির্ধারিত সীমায় জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিলো। কিছু মোটরসাইকেল চালক অতিরিক্ত জ্বালানি নিতে চাইলৈ ফিলিং স্টেশনে কর্মচারীদের সাথে গ-গোল শুরু হয়। এক পর্যায়ে তা হাতহাতি পর্যায়ে গড়ায়। গ-গোল থামাতে এগিয়ে আসেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এসময় উভয় পক্ষের মধ্যে পড়ে মারধরের শিকার হন পুলিশ কনস্টেবল গোপাল চন্দ্র। তাকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহত গোপাল চন্দ্রকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, বিষয়টির তদন্ত চলছে, হামলাকারীদের পরিচয় সনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।