স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার বিকেল ৫টায় চুয়াডাঙ্গার বড় বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির এডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসাইন, ছাত্রশিবির জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, অফিস সম্পাদক মাসুম বিল্লাহ এবং পৌর শিবিরের সভাপতি রাব্বি হাসান।
এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীল নেতা ও কর্মীবৃন্দ গণসংযোগে অংশ নেন। নেতারা বলেন, ন্যায়নীতি ও সুশাসনের পক্ষে জনসমর্থন আদায়ে এ ধরনের গণসংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।