স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে জেলাজুড়ে মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ, যানজট নিরসন এবং আসন্ন বিভিন্ন জাতীয় ও স্থানীয় কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বিভাগকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা ইতোমধ্যেই মাদকের আনাগোনা ব্যাপক হারে বেড়েছে। কিছুদিন আগেও আমরা এস্কাফ নামক মাদকের একটি বড় চালান জব্দ করেছি।
সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পরিষদের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সুপারিশ পেশ করেন।