চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাহেদা খাতুন (৪৯) নামে এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের চারাতলার মাঠের একটি তামাক ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাহেদা খাতুন একই উপজেলার দলিয়ারপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত তুফান আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে ছাগলের ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন জাহেদা খাতুন। দুপুরে বাড়ি ফিরতে না দেখে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে গোপালপুর গ্রামের চারাতলার মাঠে মধু মিয়ার তামাক ক্ষেতে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জামাল আল নাসের বলেন, জাহেদা খাতুনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, হত্যাকাণ্ডের বিষয়টি এখনও পরিস্কার নয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।