চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত একদিনেই ৬১ মামলায় ৩ লাখ ৩২ হাজার টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনব্যাপী পরিচালিত অভিযানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোট ৬১টি মামলা করা হয়েছে। এ সময় জরিমানা হিসেবে আদায় করা হয় ৩ লাখ ৩২ হাজার টাকা। জেলা ট্রাফিক বিভাগের তথ্যমতে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে কালু হোটেলের সামনে ১০টি মামলায় ৬৮ হাজার টাকা, পৌর ডিগ্রি মোড়ে ১০টি মামলায় ৬০ হাজার টাকা, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সামনে ১১টি মামলায় ৪৫ হাজার টাকা, দর্শনা থানা বাসস্ট্যান্ড এলাকায় ১০টি মামলায় ৫৯ হাজার টাকা, জীবননগর বাসস্ট্যান্ডে ১০টি মামলায় ৪৫ হাজার টাকা এবং আলমডাঙ্গা থানায় ১০টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে শুধুমাত্র ট্রাফিক আইন ভঙ্গই নয়, বিভিন্ন ত্রুটির কারণেও যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এর মধ্যে রেজিস্ট্রেশনবিহীন ৪টি, ড্রাইভিং লাইসেন্সবিহীন ৪০টি, হেলমেটবিহীন ১২টি এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। পাশাপাশি কিছু মোটরসাইকেল আটক করা হয়। চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা কমানো এবং যান চলাচলে শৃঙ্খলা আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। বিশেষ করে লাইসেন্স ও হেলমেট ছাড়া চলাচলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর টি আই আমিরুল ইসলাম বলেন, ‘জেলার সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাপক হারে অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার জেলার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ৬১টি মামলায় ৩ লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’