স্টাফ রিপোর্টার:পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে চুয়াডাঙ্গায় ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর উদ্যোগে আলোচনা সভা, ইফতার মাহফিল এবং ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিযুক্ত চিকিৎসকদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ মার্চ বিকেলে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স মিলনায়তনে এনডিএফ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ডা. আবু হাসানুজ্জামান নুপুর।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক আমির আনোয়ারুল হক মালিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মো. মাহবুবুর রহমান (মিলন)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. রোকনুজ্জামান (রুবেল)।
আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মসংযম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার এক অনন্য সময়। সমাজে ন্যায়, সততা ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, চিকিৎসক ও অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন।