চুয়াডাঙ্গায় হত্যাচেষ্টা মামলায় দুই যুবকের ৩ বছরের কারাদণ্ড

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যাচেষ্টা ও গুরুতর জখম করার মামলায় দুই জনকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। গতকাল রোববার চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-চুয়াডাঙ্গা শহরের বড় মসজিদপাড়ার মো. আলউদ্দিনের ছেলে মো. জুবায়ের হাসান নোমান (২১) ও একই পাড়ার তপন মণ্ডলের ছেলে মো. কবির (২১)। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত উভয় আসামিই পলাতক ছিলেন। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৯ আগস্ট রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা বাগানপাড়া গ্রামস্থ নূরনবী স্টোরের সামনে পূর্ব শত্রুতার জের ধরে সাহাদ আলী (২৩) নামে এক যুবকের ওপর অতর্কিত হামলা চালায় একদল যুবক। ১নং আসামি জুবায়ের হাসান নোমানের নির্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী হাসুয়া, চাপাতি ও রামদা নিয়ে সাহাদ আলীকে ঘিরে ধরে। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে পিঠে, পায়ের গোড়ালি ও হাতের কনুইসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। লোহার রড ও লাঠির আঘাতে তার শরীর থেঁতলে দেয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগীর মামা মো. চঞ্চল মণ্ডল বাদী হয়ে চুয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে দণ্ডবিধির ৩২৬ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন। রায়ে আদালত প্রত্যেক আসামিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ৬০ দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেছেন আদালত।