চুয়াডাঙ্গা পৌর এলাকার বজরু গড়গড়ি মাদ্রাসা পাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জাহিদুল ইসলাম বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তিকে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার ভাইদের বিরুদ্ধে। রবিবার (১২ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহত জাহিদুল ইসলাম ওই এলাকার অইদুল ইসলাম বিশ্বাসের ছেলে।
ঘটনার বিবরণ:
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলামের সঙ্গে তার ভাইদের বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে চুয়াডাঙ্গা পৌরসভা থেকে লোক নিয়ে গিয়ে জমির সঠিক মাপ ও বণ্টন সম্পন্ন করা হয়। জাহিদুল ইসলাম পৌরসভার সেই বণ্টন অনুযায়ী কাজ করতে চাইলে তার ভাই মনোয়ার হোসেন মানু (৪৮), পিনু (৩৫) সহ কয়েকজন ওই মাপ অমান্য করেন।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদুল ইসলামের ওপর চড়াও হন তার তিন ভাই। তারা লাঠি ও ইট দিয়ে জাহিদুলকে এলোপাতাড়ি আঘাত করলে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয় এবং মাথায় গুরুতর জখম প্রাপ্ত হন। জাহিদুলের আত্মচিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
চিকিৎসা ও বর্তমান অবস্থা:
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, জাহিদুলের মাথায় গুরুতর আঘাত থাকায় সেখানে প্রায় ১০-১৫টি সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশ কেস স্লিপ প্রদান করা হয়েছে এবং আইনি ব্যবস্থার জন্য চুয়াডাঙ্গা সদর থানায় সশরীরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।