ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর জোরদার চেকপোস্ট অভিযান

স্টাফ রিপোর্টার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম দফায় এবং বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত পরবর্তী দফায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেলসহ বাস, ট্রাক, ইজিবাইক, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধ কোনো মালামাল বহন করা হচ্ছে কিনা তা যাচাই করা হয় এবং যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়।

চুয়াডাঙ্গার সাতটি স্থানে চেকপোস্ট অভিযান পরিচালিত হয় এর মধ্যে একাডেমি মোড়, দৌলদিয়াড় বাসস্ট্যান্ড, পুলিশ লাইন্সের সামনে, আলমডাঙ্গা থানা মোড়, জীবননগর বাসস্ট্যান্ড, লোকনাথপুর (দামুড়হুদা) এবং চুয়াডাঙ্গা রেলগেট এলাকায়।

অভিযানে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ, চুয়াডাঙ্গা সদর ট্রাফিক পুলিশ এবং চুয়াডাঙ্গা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ট্রাফিক সার্জেন্ট আশরাফ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কেউ যেন কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে, সে জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিয়মিতভাবে চেকপোস্ট জোরদার করা হয়েছে। অবৈধ যানবাহন ও যানবাহনে কোনো ধরনের নিষিদ্ধ বা অবৈধ সামগ্রী বহন রোধ করতেই মূলত এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) আমিরুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলায়ও চেকপোস্ট অভিযান পরিচালিত হচ্ছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার সাতটি স্থানে চেকপোস্ট বসানো হয়। এ সময় বিভিন্ন অভিযোগে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ১২৭টি যানবাহন তল্লাশি করা হয়, যার মধ্যে ২৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে নিয়মিতভাবে এই ধরনের চেকপোস্ট অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চুয়াডাঙ্গা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্য, চুয়াডাঙ্গা সদর ট্রাফিক পুলিশ এবং সদর থানা পুলিশের সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন।