দামুড়হুদার জয়রামপুরে পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষে কিশোর মোটরসাইকেল চালক নিহত 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাইম (১৪) নামের এক কিশোর মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই মোটরসাইকেলের আরোহী রাফিদ (১৬)। মঙ্গলবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর কাঠালতলা এলাকার রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের উকতো গ্রামের সাজিরুল ইসলামের ছেলে। আহত রাফিদ একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুই কিশোর মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। মোটরসাইকেলটি নাইম চালাচ্ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত পাখিভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়। ¬¬¬¬পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। আহত রাফিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল তুলে দেয়ার কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, দুর্ঘটনায় জড়িত দুইজনই অপ্রাপ্তবয়স্ক। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার আগেই নাইমের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং দাফনের প্রস্তুতি চলছে।