মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বিএনপি সরকারের বিগত আমলের গণভোটের রায় অমান্য ও জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার বিকেল ৫টায় উপজেলার কেদারগঞ্জ বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা খানজাহান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, জনগণের ম্যান্ডেট বা রায়কে উপেক্ষা করে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। তারা অভিযোগ করেন, অতীতে গণভোটের মাধ্যমে যে রায় প্রতিফলিত হয়েছিল, তা বাস্তবায়নে অনীহা দেখিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা খানজাহান আলী বলেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস হওয়া উচিত ছিল, কিন্তু বারবার তাদের আবেগকে পুঁজি করে প্রতারণা করা হয়েছে। আমরা আজ সচেতনতা সৃষ্টির লক্ষে এই লিফলেট বিতরণ করছি যেন সাধারণ মানুষ তাদের অধিকার ও মর্যাদা সম্পর্কে সজাগ থাকে।’ বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নায়েবে আমির ফিরাতুল ইসলাম নাঈম বলেন, “একটি সমৃদ্ধ দেশ গড়তে হলে আগে জনগণের ভোটের ও মতামতের সঠিক মূল্যায়ন করতে হবে। যারা জনগণের সাথে প্রতারণা করে তারা কখনোই টেকসই নেতৃত্ব দিতে পারে না।’ বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই গণসংযোগ কর্মসূচিতে জামায়াতের নেতা-কর্মীরা কেদারগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় বক্তারা দেশ ও জাতির স্বার্থে এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দসহ দলীয় বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।