মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে শহরকে পরিচ্ছন্ন রাখতে নজিরবিহীন উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। রোজা অবস্থায় প্রচণ্ড রৌদ্র উপেক্ষা করে প্রায় পৌনে তিন ঘণ্টা একটানা দাঁড়িয়ে থেকে নিজ হাতে ময়লা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন তিনি।
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার অংশ হিসেবে শনিবার (সকাল ১০টা) মেহেরপুর শহরের বড়বাজার এশিয়া নেট মোড় এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়।
প্রথম দিনে শহরের তিনটি এলাকায় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করা হয়। বড়বাজার মোড় থেকে ওয়াবদা মোড় পর্যন্ত জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের নেতৃত্বে একটি দল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কলেজ মোড় পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক পার্থ প্রতীম শীলের নেতৃত্বে আরেকটি দল এবং সার্কিট হাউস থেকে পন্ডের ঘাট পর্যন্ত তৃতীয় দল অভিযান পরিচালনা করে।
অভিযানের শুরুতেই জেলা প্রশাসক এশিয়া নেট মোড় এলাকা থেকে নিজ হাতে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। তার সঙ্গে সিভিল সার্জন ডা. আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রোভার সদস্য, রেড ক্রিসেন্ট সদস্য এবং পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন।
অভিযানের সময় এশিয়া নেট মোড় থেকে প্রধান সড়কের দুই পাশের মাত্র প্রায় ২০০ গজ এলাকার মধ্য থেকেই এক ট্রাক পরিমাণ পলিথিন ও ময়লা উদ্ধার করা হয়। সকাল ১০টায় শুরু হওয়া এ অভিযান দুপুর ১২টা ৪৫ মিনিটে ওয়াবদা মোড়ে গিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।
পুরো সময়জুড়ে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির রোজা অবস্থায় প্রচণ্ড রোদ উপেক্ষা করে নিজ হাতে ময়লা পরিষ্কার করেন, যা উপস্থিত সবার কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে ওঠে।
অভিযান শেষে ওয়াবদা মোড় এলাকায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রতি শনিবার নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। শহরকে পরিচ্ছন্ন রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।