মেহেরপুর প্রতিনিধি:মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মেহেরপুরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়।
জেলা প্রশাসকের পরপরই জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম নজরুল কবির, জেলা পরিষদের প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা টিমের পরিচালক (সমন্বয়) ক্যাপ্টেন (অব.) গনী উল আজম, জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন এবং সেক্রেটারি ইকবাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে শহীদ মিনারের বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরবাসী ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাতৃভাষা বাংলার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারও এ সময় ব্যক্ত করা হয়।
একুশে ফেব্রুয়ারির এই প্রথম প্রহরের শ্রদ্ধাঞ্জলি মেহেরপুর জেলায় ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর এক মর্যাদাপূর্ণ আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।