দর্শনা অফিস: দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয় অডিটোরিয়ামে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ চুয়াডাঙ্গা জেলা শাখা। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান। সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আবিদ হাসান রিফাতের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক, সাংবাদিক ইকরামুল হক পিপুল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য রাসেল ইকবাল সেতু, জেলা শাখার সভাপতি জাহিদ হাসান, অর্থ সম্পাদক আসিফ রেজা ও সদস্য আদনান সাকিব। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এর নেতিবাচক দিক সম্পর্কে সচেতন না হলে কিশোর-তরুণরা সহজেই অনলাইন গেমস আসক্তি, সাইবার অপরাধ ও অনৈতিক কনটেন্টের দিকে ঝুঁকে পড়তে পারে। তাই ডিজিটাল দুনিয়ায় নিজেকে নিরাপদ রাখতে সঠিক দিকনির্দেশনা, অভিভাবকীয় তদারকি এবং ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। সভা শেষে বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী স্মার্টফোন আসক্তি থেকে দূরে থাকা, অশ্লীল ও অনৈতিক কনটেন্ট বর্জন, সময়ের সঠিক ব্যবহার এবং নিরাপদ ইন্টারনেট নিশ্চিতসহ মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করে। সংগঠনের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল জানান, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা নিজেদের টিফিনের টাকা সঞ্চয় করে গত সাড়ে ১৫ বছর ধরে সারাদেশে মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করে আসছে। এ পর্যন্ত দেশের ১৯০৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে তারা এই সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন করেছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল তুলে ধরে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।