সভাপতি সুরেশ কুমার সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন

চুয়াডাঙ্গায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

 

স্টাফ রিপোার্টার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় শহরের সাহেদ গার্ডেনে আয়োজিত এ সম্মেলনকে ঘিরে জেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বাসুদেব ধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা। সন্তোষ শর্মা তার বক্তব্যে বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বলেছি-হিন্দুদের অর্পিত সম্পত্তি আইন সংসদে পাশ হয়েছে। কিন্তু বাস্তবায়ন হয়নি। সবাই আমাদের ভোট নিয়েছে। কিন্তু কেউ কোনদিন বাস্তবায়ন করেনি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। তিনি আমাদের কথা শুনেছেন। এখন আমরা অপেক্ষা করব। সরকার নতুন, আমরা ধৈর্য ধরব। আমাদের দীর্ঘদিনের দাবি সংখ্যালঘু সংস্কার আইন, সংখ্যালঘু মন্ত্রনালয়, বৈষম্য বিলোপ আইন।’ সম্মেলনে জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উত্তম রঞ্জন দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী মনিন্দ্র কুমার নাথ ও শ্রী অশোক মাধব রায়। এছাড়া কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী তাপস কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গোপাল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শ্রী ব্রজগোপাল দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শ্রী শ্যাম সুন্দর আগরওয়ালা এবং আলমডাঙ্গার শিল্পপতি ও সমাজসেবক বিজয় কুমার মোদিও অংশ নেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সুরেশ কুমার আগরওয়ালা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথ। আয়োজকরা জানান, সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সনাতন সম্প্রদায়ের কল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সম্মেলনে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নতুন দিকনির্দেশনা তৈরি হবে।