চুয়াডাঙ্গা পৌর এলাকা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম চুয়াডাঙ্গা সদর পৌরসভা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুস সবুর আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, চুয়াডাঙ্গা পৌরসভার সরকারি কর পরিদর্শক জাহাঙ্গীর আলম, সাবেক ফুটবলার সোহেল রানা, খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য হাজি ওয়াহেদ মাস্টার, রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফুন্নাহার নাহারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও সহকারী শিক্ষকগণ। অনুষ্ঠান শেষে অতিথিরা মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। উদ্বোধনী দিনে একাধিক ম্যাচ অনুষ্ঠিত হয়। মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল দিপুর একমাত্র গোলে জয় পায়। অন্যদিকে, সুমিরদিয়া পুটি মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল মিমের জোড়া গোল এবং রাজিয়া ও মনিকার একটি করে গোলে জয় নিশ্চিত করে। পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুজরুকগড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলায় বালক বিভাগে পুলিশ লাইন দল ৬-০ গোলের বড় ব্যবধানে জয় পায়। এ ম্যাচে জিহাদ হ্যাটট্রিকসহ মোট ৫টি গোল করেন এবং আরবি একটি গোল যোগ করেন। একই প্রতিষ্ঠানের বালিকা দলও ২-০ গোলে জয়লাভ করে, যেখানে রিয়া ও জান্নাতুল একটি করে গোল করেন। দিনের অন্যান্য খেলায় ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৪-০ গোলে শাহাদত হোসেনকে এবং বালিকা দল ২-০ গোলে একই প্রতিপক্ষকে হারায়। বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৪-০ গোলে মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা দল ১-০ গোলে জয় পায়। দিনের শেষ ম্যাচে এম.এ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল টাইব্রেকারে ১-০ গোলে হাজরাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বালিকা বিভাগে একই দলের মারিয়া, নবাইয়া ও নুসরাত একটি করে গোল করে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে। খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। টুর্নামেন্টে পৌর এলাকার ২৫টি বিদ্যালয়ের বালক ও বালিকা দল নকআউট পদ্ধতিতে অংশ নিচ্ছে। আয়োজকরা জানান, এই আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।