স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাসিক এনজিও বিষয়ক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী সঞ্চালনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিএম তারিক-উজ-জামান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দীপক কুমার সাহা ও সমাজ সেবার ভারপ্রাপ্ত উপ-পরিচালক আইনাল হক উপস্থিত ছিলেন। সভায় বেসরকারি সংগঠন আত্মবিশ্বাসের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী কমিশনার আশফাকুর রহমান। এ সময় ব্র্যাকের প্রতিনিধি ম্যাক্সিমিলান রুগা, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের মিজানুর রহমান, আত্মবিশ্বাসের আঞ্চলিক ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, আদ-দ্বীনের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল হান্নান, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, জামান ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আব্দুস সালাম, আর্স বাংলাদেশের সহ প্রশাসনিক কর্মকর্তা এমএ আওয়াল, মোতাহারুন নেছা প্রসুতি ও সদ্যজাত শিশুসেবা কেন্দ্রের ম্যানেজার রউচ উদ্দীন, মায়া সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মতিউর রহমান, পাসের নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, পলাশীপাড়া সমাজকল্যাণ সংস্থার সহকারী পরিচালক বজলুর রশীদ, রিসোর ম্যানেজার মতিয়ার রহমান, সৃষ্টি সংস্থার প্রধান হিসাবরক্ষক বিকাশ চন্দ্র সাহা, আরআইসির এরিয়া ম্যানেজার শামীম রেজা, প্রত্যাশার সাইদুর রহমান, শাহ আলম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আত্মবিশ্বাস ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে থাকে, বয়স্ক শিক্ষা কার্যক্রম, বৃত্তি প্রদান, মৎস্য চাষ, স্যানিটেশন কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের প্রতিনিধি ম্যাক্সমিলান রুগা জানান, শিক্ষা কারিকুলামের বাইরে ব্র্যাক কোন বই পড়াচ্ছে না। এছাড়া, বাল্য বিয়ে প্রতিরোধে ও আত্মহত্যা প্রতিরোধে উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করানো হচ্ছে। ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান জানান, ওয়েভ ফাউন্ডেশন ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে (৩০ জন করে) শিক্ষা প্রদান করে যাচ্ছে। তবে, হাউলী ও উথলী কেন্দ্রে বাইরের শিক্ষকদের দিয়ে পড়ানো হয়। প্রত্যাশার সাইদুর রহমান জানান, বাল্যবিয়ে প্রতিরোধে ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে দামুড়হুদা ও আলমডাঙ্গায় ৭ টি সভা করা হয়েছে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘সরকারি স্কুলে শিক্ষা কারিকুলাম বাদে কোন বই পড়াতে চাইনা। আমেরিকার ছেলেমেয়রা এত বই পড়ে না। তারপরও তারা বৈজ্ঞানিক হিসেবে নাসায় কাজ করছে। আমরা অভিভাবকদের বুঝাতে পারিনা। আত্মহত্যার প্রবণতা বিষয়ে যে নিয়ামক কাজ করে সেটি এনজিও ঋণ। এটি ইনডাইরেক্ট প্ররোচনা করে। ঋণ দেয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। একটার পর একটা ঋণ নিতে গিয়ে ঋণের জালে জর্জরিত হয়ে পড়ে। বাল্যবিয়ে বাংলাদেশে বেশি। তারচেয়ে চুয়াডাঙ্গায় আরও বেশি। কাজীদের নিয়ে বৈঠক করা হবে। বাল্যবিয়ে সমাজের ক্রাইসিস। সমাজের সচেতন মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সকলের সহযোগিতা দরকার। প্রতি শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা হবে এনজিও প্রতিনিধিরা আপনারা থাকবেন। নিজেদের বাড়িঘর পরিষ্কার করবো। ময়লা ড্রেন পরিষ্কার করবো। অফিস আদালত পরিষ্কার করবো। জাপান সরকার বাংলাদেশের সাথে চুক্তি করেছে বাংলাদেশ থেকে জাপান এক লাখ কর্মী নেবে। শর্ত হলো জাপানি ভাষা শিখতে হবে। জাপানে যেতে তরুণ-যুবকরা সরোজগঞ্জের কম্প্যাক্ট এনজিওতে বিনামূল্যে ভর্তি ও জাপানিজ ভাষা কোর্স শেখানো হয়। পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হলেই পাসপোর্ট করে জাপান সরকারের খরচে যেতে পারবেন। বেতন প্রথম পর্যায়ে দুই লাখ টাকা এবং পরবর্তীতে বাড়বে। যারা জাপানিজ ভাষা রপ্ত করতে পারবেন তারা আজই যোগাযোগ করতে পারেন। একইভাবে কোরিয়া সরকারও বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে। সেখানেও শিক্ষিত ছেলে মেয়েরা ভাষা শিখে যেতে পারেন। চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা বিষয়ে এনজিওরা কেউ কাজ করে না। গ্রাম আদালতের কার্যক্রম দূর্বল। বিগত মাসে ১৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে সেটি ভালো দিক।’