স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে লিগ্যাল এইড কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি এবং চুয়াডাঙ্গার সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম। সভায় সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম বলেন, বর্তমানে দেশের প্রতিটি জেলায় লিগ্যাল এইড কমিটি অত্যন্ত কার্যকর রয়েছে। এর মাধ্যমে দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের সম্পূর্ণ সরকারি খরচে আইনজীবী প্রদানসহ প্রয়োজনীয় আইনি সহায়তা দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, গত কয়েক বছরে সারা দেশে লক্ষাধিক মানুষ এই সেবা গ্রহণ করেছেন এবং হাজার হাজার মামলা নিষ্পত্তি হয়েছে, যা বিচার ব্যবস্থার ওপর চাপ কমাতে সহায়ক ভূমিকা পালন করছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, পারিবারিক কলহ, ভূমি বিরোধ ও শ্রমিকদের অধিকার রক্ষায় এই কার্যক্রমের সাফল্য উল্লেখযোগ্য। জজ রফিকুল ইসলাম আরও উল্লেখ করেন, লিগ্যাল এইডের হটলাইন নম্বর ১৬৪৩০ চালু হওয়ায় এখন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও ঘরে বসে দ্রুত আইনি পরামর্শ নিতে পারছেন। এটি বিচারিক সেবা প্রাপ্তিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। সভায় আগামী ২৮ এপ্রিল ‘জাতীয় লিগ্যাল এইড দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় ও জাঁকজমকপূর্ণভাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। দিবসটি উপলক্ষ্যে ওই দিন সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি এবং পরবর্তীতে জেলা বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হবে। জেলা লিগ্যাল এইড অফিসার মোরশেদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মীর্জা শহিদুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শামীমা ইয়াসমিন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ছানোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাবেক সভাপতি রাজীব হাসান কচি, পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, সরকারি কৌঁসুলি (জিপি) আব্দুল মালেক, ওয়েভ ফাউন্ডেশনের কানিজ সুলতানা এবং প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমানসহ কমিটির সদস্যবৃন্দ।