মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান : টানা ৫ দিন সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
স্টাফ রিপোর্টার: দেশের সব বিভাগে টানা ৫ দিন বজ্রপাত ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ ছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেতুলিয়ায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া টাঙ্গাঈলে ১৯ মিলিমিটার এবং ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় দেশের কয়েক স্থানেও সামান্য বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পর দেশের সব বিভাগের দুয়েক জায়গায় আগামী বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে তাপমাত্রা বাড়তে পারে। এদিকে তাপমাত্রা নিয়ে সংস্থাটি বলছে, আজ শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।