স্টাফ রিপোর্টার:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় দোয়েল চত্বরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই করা হয় এবং কোনো ধরনের অবৈধ মালামাল পরিবহন হচ্ছে কি না, সে বিষয়ে কঠোর নজরদারি করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন আল আজাদ। এ সময় চুয়াডাঙ্গা অস্থায়ী সেনা ক্যাম্পের সিনিয়র লেফটেন্যান্ট মাহিদ,ওয়ারেন্ট অফিসার মিজানসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সদর থানা পুলিশের এসআই মিজানুর রহমান, সার্জেন্ট বিধান কুমারসহ ট্রাফিক পুলিশের একাধিক সদস্যরা অভিযানে অংশ নেন।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন আল আজাদ বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই যৌথ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে অবৈধ অস্ত্র, মাদক ও যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সংশ্লিষ্টরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অনিয়ম ও অপরাধ প্রতিরোধে প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে।
এদিকে চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে বলা হয়, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট কার্যক্রমে আমরা গভীর স্বস্তি অনুভব করছি। এ ধরনের উদ্যোগ শহরের সার্বিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে আস্থার পরিবেশ তৈরি করছে। আমরা আশা করি, প্রশাসনের এই সতর্ক ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার পাবে চুয়াডাঙ্গাবাসী।”