স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি ও বাজারজাত করার অপরাধে ‘খান স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার মুন্সিগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মুন্সিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান চলাকালে দেখা যায়, মুক্তার হোসেন খানের মালিকানাধীন ‘খান স্টোর’-এ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি ও বাজারজাত করা হচ্ছে। এই অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, তদারকিকালে ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য কেনাবেচা, সঠিক ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এই ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।