শিক্ষিত হয়ে এলাকার ছেলেমেয়েরা দেশের উন্নয়নে কাজ করবে

ডিঙ্গেদহে সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের ভবন নির্মাণ কাজের উদ্বোধনে শরীফ

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোদাল দিয়ে মাটি কেটে এ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ বলেন, ‘এই বিদ্যালয়টি এ অঞ্চলের অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ। এখানকার লেখাপড়ার মান অত্যন্ত সন্তোষজনক এবং এই প্রতিষ্ঠানের অনেক কৃতি শিক্ষার্থী বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করছেন।’ বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি সরকারের আমলে নির্মিত ভবনগুলো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অথচ গত ১৫ বছরে এই বিদ্যালয়ে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। গত বছর আমি বিদ্যালয়টি পরিদর্শনে এসে জরাজীর্ণ অবস্থা দেখতে পাই। এরপর শিক্ষা প্রকৌশল দপ্তরে নিরন্তর যোগাযোগের মাধ্যমে এই নতুন ভবন নির্মাণের বরাদ্দ নিশ্চিত করি। আমি চেষ্টা করবো বর্তমান মেয়াদের মধ্যেই ৪ তলা ভবনের কাজ সম্পন্ন করতে।’ তিনি আরও বলেন, ‘নতুন ভবন নির্মিত হলে এলাকার শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান মহিউল আলম সুজন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More