চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদকসেবী আটক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের পৃথক স্থানে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল সোমবার রাতে শহরের বড় বাজার ও সাতগাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ পুলিশের একটি চৌকস দল এই অভিযান চালায়। শহরের ফলপট্টির সামনে থেকে মাদক সেবনরত অবস্থায় আবু আউব আনসারিকে (৪৩) আটক করা হয়। তিনি বড় বাজারপাড়ার মৃত নূর উদ্দিন আনসারির ছেলে। জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই রাতে সাতগাড়ি খিচুড়িপাড়ায় অভিযান চালিয়ে সজীব মন্ডল (১৮) নামে অপর এক মাদকসেবীকে আটক করা হয়। তিনি ওই এলাকার আতিকুর রহমানের ছেলে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অভিযান শেষে পুলিশ কর্মকর্তারা জানান, চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আটককৃতদের রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.