আলমডাঙ্গায় জামায়াতের সাংগঠনিক সভায় এমপি অ্যাড. রাসেল

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সাংগঠনিকসভা গতকাল সোমবার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম বকুল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। তিনি তার বক্তব্যে বলেন, ‘সমাজ ও রাষ্ট্র পরিচালনায় দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে তিনি প্রতিটি কর্মীকে কুরআন-হাদিস অধ্যয়ন বৃদ্ধি এবং সাহাবাদের জীবন থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান।’ প্রধান অতিথি আরও বলেন, ‘বর্তমান সময়ে জনগণের অধিকার আদায়ে জামায়াতের প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হলে আগে নিজেদের চরিত্রে সেই ইনসাফ ও আমানতদারি প্রতিষ্ঠা করতে হবে। আমরা কেবল ক্ষমতার জন্য নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও গণমানুষের কল্যাণে রাজনীতি করি। তাই প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সাধারণ মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে।’ বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমির ও ডাউকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী, তারবিয়াত সেক্রেটারি বিলাল হোসাইন এবং অফিস সম্পাদক রফিকুল ইসলাম। জেলা নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে নৈতিকতাসম্পন্ন নাগরিক তৈরির কোনো বিকল্প নেই। তারা আগামী দিনের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এবং সমাজ সংস্কারমূলক কাজে আলমডাঙ্গা উপজেলা জামায়াতকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার তাগিদ দেন। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ও নির্বাচন বিভাগের পরিচালক মামুন রেজা। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More