চুয়াডাঙ্গাসহ ১৪ জেলা বইছে তাপপ্রবাহ

স্টাফ রিপোর্টার: চৈত্রের শেষ দিনে চুয়াডাঙ্গাসহ দেশের ১৪ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সোমবার অধিদপ্তর জানায়, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলায় মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, মৃদু তাপপ্রবাহ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তিনি আরও বলেন, এরপর বৃহস্পতিবার বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সেদিন দিনের তাপমাত্রা সামান্য কমে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির নিচে হলে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ ধরা হয়। সোমবার দিনভর রাজধানীতে রোদের তীব্রতা ও ভ্যাপসা গরম অনুভূত হয়। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More